ছবিঃ সংগৃহীত ছবি।
দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলার অভিযোগে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পেয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও প্রমাণিত হয়েছে। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিসোর্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচ কর্মীরা সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১




