সংগৃহীত

বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তিনি ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ (চরম নির্বোধ) ও ‘ফজু পাগলা’ আখ্যা দিয়ে তাঁর বক্তব্যের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি জানিয়েছেন।

 


সোমবার (২৩ নভেম্বর) এই মন্তব্যটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

শফিকুল আলমের ফেসবুক পোস্টে ইংরেজিতে লেখা দীর্ঘ এক মন্তব্যে এম নাসের রহমান বাংলায় ‘মায়াকান্না’ ও ‘ফজু পাগলা’ শব্দ দুটি ব্যবহার করেন। ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য একটি বিরক্তিকর ও বিব্রতকর ব্যক্তিতে পরিণত হচ্ছেন। নিজের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের আসন্ন চূড়ান্ত বিলুপ্তি নিয়ে তিনি ‘মায়াকান্না’ করছেন বলেও কটাক্ষ করেন নাসের রহমান।

 

মন্তব্যের গুরুত্বপূর্ণ অংশে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন নাসের রহমান। ফজলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাবে তিনি লেখেন, গণ-অভ্যুত্থানের সময় নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর পুলিশের চালানো নির্মম হত্যাকাণ্ড বন্ধ করার পরিস্থিতিতেই কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। নিজেদের প্রিয় ক্ষমতা আঁকড়ে রাখতে স্বৈরাচারীরা শেষ অবলম্বন হিসেবে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

 

ফজলুর রহমানের উত্থাপিত দাবিগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে নাসের রহমান তাঁর মন্তব্যে উল্লেখ করেন, এসব বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া। মন্তব্যের একেবারে শেষাংশে ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ সম্বোধন করে নাসের রহমান প্রশ্ন ছুড়ে দেন—এই ‘নগ্ন বাস্তবতার’ জবাব তাঁর কাছে কী?

 

জুলাইয়ের গণ-অভ্যুত্থান, ছাত্র-জনতার ভূমিকা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ফজলুর রহমানের সাম্প্রতিক বেশ কিছু বক্তব্য ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা চলছিল এবং বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল।

 

এমন প্রেক্ষাপটে দলের জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য ও সংসদ সদস্যের পক্ষ থেকে প্রকাশ্যে এমন কড়া আক্রমণ এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা তলবের দাবি বিএনপির অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/ইকে-১১