সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানের অবৈধ মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেটের সীমান্তবর্ন্তী এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) সিলেটের সীমান্তবর্ন্তী প্রতাপপুর, বিছনাকান্দি, শ্রীপুর, উৎমা, ডিবিরহাওর, সোনারহাট, পান্থুমাই, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ভারতীয় অবৈধ কম্বল, জিরা, গরু, ঔষধ, মহিষ, টমেটো, এসএস টোব্যাকো, চকলেট, আলু, বাসমতি চাল, জুস, সনপাপড়ি, কসমেটিকস, পান মশলা, মিঠাই পান আটক করে।
একই অভিযানে বাংলাদেশ হতে পাচারকালে রসূন ও শীতের সোয়েটার আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৫২ লাখ ৯৬ হাজার ৩৮৫ টাকা বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




