ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল ইসলাম বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পরে কাস্টমস গোয়েন্দাদের কাছে তথ্য আসে, এই ফ্লাইটে একটি স্বর্ণের চালান ঢাকায় এসেছে। পরে অভিযান চালিয়ে বিমানের সিট বেল্টের ভেতর থেকে এই স্বর্ণের চালান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শফিকুল জানান, কাস্টমস গোয়েন্দা কর্তৃক উদ্ধার হওয়া ৯০টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
সূত্র : ঢাকাটাইমস




