জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের জন্য ছয়জনকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়া হচ্ছে। তাঁরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।
এছাড়া চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন দুজন। অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। সাহিত্যে রাষ্ট্রীয় এই সম্মাননা পাচ্ছেন প্রয়াত মো. আমির হামজা, স্থাপত্যে প্রয়াত স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




