দুই বছর পর ভারতে পর্যটন ভিসা ফের চালু করা হয়েছে। ২৭ মার্চ থেকে চালু হচ্ছে সব ধরনের আন্তর্জাতিক বিমান পরিষেবা। কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেন সার্ভিস মার্চ মাসেই চালু হতে চলেছে। তবে স্থলবন্দর চালু হতে সময় লাগবে। সরকারি সূত্রে বলা হয়েছে, স্থলবন্দর খোলার বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি জারি হতে পারে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যটন ভিসা এবং নতুন ভিসা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে।
দুই বছর ধরে কভিড অতিমারির কারণে সব ধরনের পর্যটন ভিসা এবং বিমান ও ট্রেন পরিষেবা বন্ধ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে কভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব দেশের নাগরিকদের পাঁচ বছরের জন্য পর্যটন ভিসা চালু ছিল এবং যাঁদের ক্ষেত্রে দশ বছরের জন্য (আমেরিকা ও জাপান) চালু ছিল সেগুলো পুনরায় বহাল করা হচ্ছে। এর আগে ভিসা ব্যবস্থা চালু করার জন্য পর্যায়ক্রমে ব্যবসায়ী, সম্মেলন, বিদ্যার্থী, মেডিকেল ভিসা চালু করা হয়েছিল। তবে পর্যটন ভিসা বন্ধ ছিল। যাতায়াতের জন্য কেবলমাত্র এয়ার বাবল বিমান পরিষেবা চালু ছিল।
পর্যটকরা এখন সাধারণ নিয়মিত বিমানে আসা যাওয়া করতে পারবেন। ভারতে দৈনিক কভিড হার ৩ হাজার। কিশোর-কিশোরীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রতিষেধক তৃতীয় ডোজও চালু হয়েছে। সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি পার্লামেন্টে বলেন, ‘গত দুই বছরে কভিডের কারণে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ২ কোটির বেশি মানুষ জীবিকা হারিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ শাদিআচৌ-০২




