টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান। উদ্বোধন শেষে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ৫ শতাধিক ব্যক্তিকে জনপ্রতি ৫ শত টাকা করে করা হয়।
অনুষ্ঠানে ইউএনও বলেন, প্রবাসীরা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার গরীব-অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন। প্রবাসীদের ওই অবদান অবশ্যই প্রশংসনীয়। তবে, দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণে শিক্ষার উন্নয়নের পাশাপাশি এলাকায় পরিকল্পিতভাবে কর্মমূখী প্রতিষ্ঠান গড়ে তুলতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের উদ্যোগ নেয়া প্রয়োজন। সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকারের পাশাপাশি খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এগিয়ে আসার কারণে এসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক আব্দুল্লাহ আল মামুন ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
উদ্বোধনী অনুষ্ঠান ও ওয়ার্ডগুলোতে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, ওয়েলফেয়ার এসোসিশনের ওয়ার্ড প্রতিনিধি গোলাম আজম মঞ্জু, ডা. হানিফ আলী, আতাউর রহমান, মনসুর আলম, আবুল খয়ের, শহীদ আলী বাবুল, তাজ উদ্দিন, নাজমুল ইসলাম, রিপন আহমদ, জিয়াউল ইসলাম, মাহমুদ হাসান ছুরত, জামিল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন প্রমুখ।
অর্থ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করতে খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর ফলিক চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব মিয়া ও অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন।
উল্লেখ্য, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ, মহামারী করোনা ভাইরাস, রামাদান ও ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ, শিক্ষার্থীদেরকে স্কুল ড্রেস প্রদান ও মসজিদ উন্নয়ন কাজে অনুদান প্রদানসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / প্রণঞ্জয় / ডি.আর




