প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এমদাদুর রহমান নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমদাদুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

শনিবার (৪ জুন) রাতে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে  মামলা দায়ের করা হয়েছে।


গত ৩১ মে এমদাদুরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা ওরফে রুবেল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হক ১৯ মে এমদাদুর রহমান তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। পরবর্তীকালে ২২ মে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানীগঞ্জের বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সেটি নিয়েও বেশ কয়েকটি ‘আক্রমণাত্মক ও মানহানিকর’ স্ট্যাটাস দেন তিনি। 

এ ঘটনায় ছাত্রলীগ নেতা আহমেদ রেজা বাদী হয়ে ৩১ মে কোম্পানীগঞ্জ থানায় এমদাদুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় শনিবার রাতে এমদাদকে গ্রেপ্তার করে পুলিশ। আজ (রবিবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম