হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি বিশাল আকৃতির সড়ক তৈরি করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামের ওই সড়কটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

 


এসময় উপস্থিত প্রদেশের গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

 

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় রয়েছেন। তিনি শুক্রবার সকালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

মোমেন-হুন সেন বৈঠকের প্রেক্ষিতে আজ নমপেনে বাংলাদেশ-কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যালোচনা করেন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। 

 

সিলেটভিউ২৪ডটকম/জেপি