সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওআই) সই করেছে যুক্তরাজ্যের সুনামধন্য প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।
জনসংযোগ শাখা জানায়, ভার্চুয়াল মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে এখন থেকে আরও ঘনিষ্টভাবে কাজ করবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের পক্ষে সহকারী উপাচার্য (গ্লোবাল এংগেইজমেন্ট এন্ড স্টুডেন্ট লাইফ) ক্রিস চ্যাঙ সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের গ্লোবাল এংগেইজমেন্ট অফিসার জো হল, বাংলাদেশ রিজিওনাল উপদেষ্টা এমরান মফিজ, এসিসট্যান্ট বাংলাদেশ রিজিওনাল উপদেষ্টা মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের ফলে উচ্চ শিক্ষায় সিলেটের শিক্ষার্থীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




