অর্থনৈতিক সংকটে দিশেহারা অবস্থায় আছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটিতে ‘শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়’ বলে জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে এই অবস্থা থেকে আশু উত্তরণের তাগিদও দেওয়া হয়েছে। পাশপাশি সংস্থাটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সংকটের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) জাতিসংঘ এমন সতর্কবার্তা দিয়েছে।
শ্রীলঙ্কায় বর্তমানে খাবারের সরবরাহব্যবস্থায় সংকট রয়েছে। ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক জর্জ লরিয়া-আজেই বলেছেন, দেশটির শিশুরা নিয়মিত বিরতিতে খাবার পাচ্ছে না। এর জন্য শিগগিরই তাদের পুষ্টিহীনতা প্রকট হতে পারে। দেশটিতে প্রধান খাদ্যপণ্যের অভাব দিনকে দিন প্রবল হচ্ছে। খবর এএফপির।
ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক আরও বলেন, শ্রীলঙ্কায় শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে। একবার খাওয়ার পর পরবর্তী কোন সময়ে তারা আবার খাবার পাবে, তার কোনো নিশ্চয়তা এখন নেই।
জর্জ লরিয়া-আজেই বলেন, দক্ষিণ এশিয়াজুড়েই অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। বাড়ছে মূল্যস্ফীতি। ফলে এই অঞ্চলের শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রীলঙ্কায় যেমনটা দেখা যাচ্ছে, সেটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য সতর্কবার্তা।
এদিকে সম্প্রতি শ্রীলঙ্কায় নতুন করে আরও ৩০০ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রপাতি। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
গত সপ্তাহে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, দেশটির অভ্যন্তরীণ মুদ্রা প্রবাহ তুলনামূলক বৃদ্ধি পাওয়ায় সংকট কমে আসছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন আশাবাদ আমলে না নিয়েই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এমন পদক্ষেপের পরও সংকট কাটার কোনো আভাস দেয়নি ব্যাংক। উল্টো আগামী মাসে চলমান মুদ্রাস্ফীতি সর্বোচ্চ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছরে অন্তত ৮ শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৫ শতাংশে পৌঁছানোর পূর্বাভাসও রয়েছে। দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ এরই মধ্যে ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
শ্রীলঙ্কায় শিশুদের জনসংখ্যার অন্তত অর্ধেকের জরুরি চাহিদা মেটাতে ২ কোটি ৫০ লাখ ডলার সহায়তার আবেদন জানিয়েছে ইউনিসেফ। সংকট মোকাবিলায় চলতি মাসে আলাদাভাবে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটির সরকার।
এদিকে লঙ্কান দৈনিক ডেইলিমিরর জানিয়েছে, যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার স্কুল শিশুদের খাওয়ানোর জন্য ৩ হাজার মেট্রিক টন খাদ্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।
শ্রীলঙ্কার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) এর মাধ্যমে এবং সেভ দ্য চিলড্রেনের সাথে অংশীদারিত্বে, ইতিমধ্যেই শ্রীলঙ্কা জুড়ে স্কুলের শিশুদের পুষ্টির জন্য ৩২০ টন হলুদ মটর দান করেছে। অনুদানটি ৩ হাজার টন খাদ্যের একটি বৃহত্তর অংশ।
শনিবার মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং, শিক্ষামন্ত্রী ডাঃ সুশীল প্রেমজয়ন্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় পরিকল্পনা বিভাগ এবং সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধিরা এই অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় খাদ্য, ওষুধ, জ্বালানির মতো প্রযোজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটির সরকার। ৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে না পেরে গত এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা। অর্থনীতি পুনরুদ্ধারে দেশটি বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১২
সূত্র : সংবাদ




