নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানের বিরুদ্ধে। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন লামিচানে। মাতিয়েছেন বিগ ব্যাশ, বিপিএল, পিএসএল-এর মতো শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লীগ। ইতিমধ্যেই ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৭ বছরের এক কিশোরীর বাবা-মা থানায় এসে অভিযোগ করেছেন। নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কাছের এক এলাকায় ঘটনাটি ঘটেছে। কিশোরীর বাবা-মা বলেছেন, তাদের মেয়েকে দু’বার ধর্ষণ করেছেন এই ক্রিকেটার। লামিচানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লামিচানে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাছাড়া নেপাল ক্রিকেট বোর্ডও কিছু বলেনি এখনো পর্যন্ত।


২০১৬তে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নির্বাচিত হন সন্দীপ লামিচানে। যুব বিশ^কাপে তার লেগস্পিন নজর কাড়ে সবার।

দুই বছর পরই খুলে যায় জাতীয় দলের দুয়ার। সেবছরই দিল্লি ক্যাপিটালস কিনে নেয় এই স্পিনারকে। আইপিএলে নেপালের একমাত্র ক্রিকেট লামিচানে। আইপিএল ছাড়াও মাতিয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ। ২০১৮তে মেলবোর্ন স্টারস দলে ভেড়ায় লামিচানেকে। ২০২০-২১ মৌসুমে ছিলেন হোবার্ট হ্যারিকেন্সে। খেলেছেন ২০১৮-১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে। পাকিস্তান সুপার লীগ (পিএসএল)-এ লাহোর কালান্দার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)-এ জ্যামাইকা তালাওয়াস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং বার্বাডোজ ট্রাইডেন্টের হয়েও খেলেছেন লামিচানে। চলতি বছরের জুলাইয়ে লঙ্কান প্রিমিয়ার লীগের তৃতীয় মৌসুমে ডাম্বুলা জায়ান্টের হয়ে দেখা গেছে এই স্পিনারকে।
জাতীয় দলের হয়ে ৪৪ ম্যাচে ১২.৫৬ গড়ে ৮৫ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৩৬ ম্যাচে লামিচানের শিকার ১৯৩ উইকেট।

সিলেটভিউ২৪ডটকম/মাজ/ইআ-১০