সরকারের নিয়ন্ত্রণে জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “নির্বাচন হবে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনে বিএনপির এতো অনীহা কেন? তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রংপুর মহানগরীর আলমনগরে নাসিম খান মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নানক সাংবাদিকদের এসব কথা বলেন।


 

বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন পাকিস্তানি জেনারেল প্রত্যাবাসন কমিটির (এসপিজিআরসি) প্রধান পৃষ্ঠপোষক মরহুম নাসিম খানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি রংপুর এসেছেন।

সংসদে জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে উল্লেখ করে নানক বলেন, “জাতীয় পার্টি যদি ৩০০ সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তাদের স্বাগত জানাব। জাতীয় পার্টি মহাজোট বা আওয়ামী লীগের অংশ নয়।”

 

এর আগে রংপুর নগরীর মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে এসপিজিআরসি’র প্রধান পৃষ্ঠপোষক মরহুম নাসিম খানের কবর জিয়ারত শেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এসপিজিআরসি-বাংলাদেশ আয়োজিত স্মরণসভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এসপিজিআরসি বাংলাদেশের সাধারণ সম্পাদক এম. শওকত আলীর সভাপতিত্বে স্মরণসভা ও ১৭তম বাৎসরিক কাউন্সিলের আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসপিজিআরসির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারুন অর রশিদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, জেনেভা ক্যাম্প চেয়ারম্যান এস.কে গোলাম জিলানী, এসপিজিআরসি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শাহিদ, খুরশিদ আলম, এসপিজিআরসি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফি, রাউসা বাঁধ কলোনির সম্পাদক মো. রেহান, এসপিজিআরসি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আদমজীর সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-৮


সূত্র : ঢাকা ট্রিবিউন