সুনামগঞ্জের দোয়ারাবাজারে টিসিবি পণ্যের খালি প্যাকেটের স্তুপের সন্ধান মিলেছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আমবাড়ি বাজারস্থ টিসিবি পণ্যের স্থানীয় ডিলার কৃপাসিন্ধু রায় ভানুর বাসার পেছন থেকে এসব খালি প্যাকেটের স্তুপ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা জানান, মান্নারগাঁও ইউনিয়নের টিসিবি ডিলার ভানু অধিক মুনাফা পেতে সরবরাহকৃত ন্যায্যমূল্যের প্যাকেটজাত পণ্যের প্যাকেট খুলে খোলাবাজারে বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে। গত রমজানে মাসেও প্রতি প্যাকেটে ২৫০ গ্রাম পণ্য কম দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
.png)
স্থানীয় ব্যবসায়ী আশরফ উদ্দিন তালুকদার বলেন, ঘটনা শুনে নদীতীরে গিয়ে ডালসহ টিসিবির বিভিন্ন পণ্যের শ' শ' খালি প্যাকেট সেখানে পড়ে থাকতে দেখি। স্থানীয় ডিলার প্যাকেট খুলে এসব পণ্য খোলাবাজারে বিক্রি করছেন বলে আমরা জেনেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সরকার সাধারণ ভোক্তাদের জন্য ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করছে। কিন্তু সরকার নিযুক্ত ওই ডিলার অধিক মুনাফা অর্জনে এসব পণ্য খোলাবাজারে বিক্রি করছেন। ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের ব্যাপারে মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃপাসিন্ধু রায় ভানু বলেন, গুদাম থেকে নিয়ে আসার পথে ডালের কিছু প্যাকেট ফেটে যায়। পরে এসব ডাল সাদা পলিথিনে করে ভোক্তাদের দেওয়া হয়। এ সময় ডালের খালি প্যাকেটগুলো নদীতে ফেলে দিয়েছি। মানুষের অভিযোগ সঠিক নয়।
এ ছাড়া গত রমজানে ওজনে কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, ডিসি স্যার তাঁর লোক দিয়ে প্যাকেট করিয়েছেন। এসব প্যাকেটের পণ্য কোনোটিতে পণ্য কম, আবার কোনোটিতে বেশিও ছিল।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০১




