​বিদ্যমান সংকটসমূহ
​ভৌগোলিক ও যোগাযোগজনিত প্রতিবন্ধকতা : হাওরবেষ্টিত সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বর্ষাকালে উত্তাল ঢেউ ও নৌকাযাত্রার ঝুঁকি এবং শুষ্ক মৌসুমে ভাঙাচোরা ও অনুন্নত সড়ক যোগাযোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় ও কলেজে যাতায়াতের পথে বড় বাধা সৃষ্টি করে। অনেক চরাঞ্চল ও দুর্গম হাওর গ্রামে এখনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সহজলভ্যতা নেই |

​বিষয়ভিত্তিক ও অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি : গ্রাম ও হাওর এলাকার বিদ্যালয় ও কলেজগুলোতে বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রশিক্ষিত ও বিষয়ভিত্তিক শিক্ষকের তীব্র সংকট রয়েছে । অনেক প্রতিষ্ঠানে শূন্য পদ দীর্ঘদিন খালি থাকে অথবা এক বিষয়ের শিক্ষককে ভিন্ন বিষয়ে পাঠদান করতে হয় ।


​হিসাববিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে হিসাববিজ্ঞানে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাওয়া একটি উদ্বেগজনক বাস্তবতা । বিষয়টিকে কঠিন বা নীরস ভেবে ভীতি কাজ করা, হাতে-কলমে চর্চার ঘাটতি এবং বাস্তব কর্মক্ষেত্রে ব্যাংকিং, নিরীক্ষা, কর ব্যবস্থাপনা ও আর্থিক বিশ্লেষণে এর অপরিসীম গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণার অভাবে অনেক শিক্ষার্থী অন্য দিকে ঝুঁকছে ।

​মোবাইলের অপব্যবহার ও ডিজিটাল আসক্তি : স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেট শিক্ষার সহায়ক হতে পারত কিন্তু যথাযথ পারিবারিক ও প্রাতিষ্ঠানিক তদারকির অভাবে অনেক কিশোর তরুণ আজ গেমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় স্ক্রিন টাইমে আসক্ত । এর ফলে মনোযোগের ঘাটতি, পড়াশোনায় অমনোযোগ, ঘুমের ব্যাঘাত ও মানসিক অস্থিরতা বাড়ছে ।

​মাদকের আগ্রাসন ও কিশোরদের ঝুঁকি : সাম্প্রতিক সময়ে গ্রামীণ ও হাওর জনপদেও মাদকের ছোবল উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে । সঙ্গদোষ, হতাশা, পারিবারিক অস্থিরতা ও বেকারত্বের মতো কারণে অনেক শিক্ষার্থী ও তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের শিক্ষা জীবন, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে ।

​অবকাঠামো ও আধুনিক শিক্ষা উপকরণের সীমাবদ্ধতা : অনেক প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ ভবন, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সমস্যার পাশাপাশি আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও ডিজিটাল শিক্ষা উপকরণের ঘাটতি প্রকট ।

​দারিদ্র্য ও ঝরে পড়ার হার : হাওর অঞ্চলে কৃষি ও মৌসুমি কাজের ওপর নির্ভরশীল অনেক পরিবারে অর্থনৈতিক অনিশ্চয়তা ও দারিদ্র্য রয়েছে । মাধ্যমিক স্তরে পৌঁছানোর আগেই বা উচ্চমাধ্যমিকে ওঠার মুখে অনেক শিক্ষার্থী সংসারের হাল ধরতে বা উপার্জনে যুক্ত হতে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় ।

​বাল্যবিবাহ ও সামাজিক সচেতনতার অভাব : গ্রামীণ ও প্রান্তিক জনপদে বাল্যবিবাহের প্রবণতা এবং শিক্ষার দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে সচেতনতার ঘাটতি এখনও মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পথে বড় অন্তরায় ।

​ক্যারিয়ার গাইডেন্স ও অভিভাবক শিক্ষক সমন্বয়ের ঘাটতি : অনেক শিক্ষার্থী ও অভিভাবক মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর কী ধরনের কারিগরি দক্ষতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ বা উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখেন না । ফলে পড়াশোনার প্রতি আগ্রহ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে ঘাটতি দেখা যায় ।

​উত্তরণের সম্ভাব্য উপায় 
​হাওরবান্ধব অবকাঠামো ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা : বর্ষায় নিরাপদ নৌযান বা কমিউনিটি বোট এবং শুষ্ক মৌসুমে সংযোগ সড়ক উন্নত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দুর্গম এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ বা আবাসিক ও যাতায়াত সহায়তা বাড়াতে হবে ।

​শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও প্রণোদনা : শূন্য পদ দ্রুত পূরণ করে বিষয়ভিত্তিক শিক্ষক নিশ্চিত করতে হবে । হাওর বা দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা বা প্রণোদনার ব্যবস্থা থাকলে দক্ষ শিক্ষকদের সেখানে ধরে রাখা সহজ হবে, পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি ও আইসিটি ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ জরুরি ।

​হিসাববিজ্ঞানের প্রতি আগ্রহ ও বাস্তবমুখী পাঠদান : হিসাববিজ্ঞানকে কেবল মুখস্থ বা নিয়মের বেড়াজালে না রেখে দৈনন্দিন পারিবারিক ও ব্যবসায়িক লেনদেন, উদ্যোক্তা তৈরি, আর্থিক ব্যবস্থাপনা ও আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাথে যুক্ত করে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে । বাস্তব কেস স্টাডি ও কর্মক্ষেত্রের সম্ভাবনার কথা তুলে ধরলে শিক্ষার্থীদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে ।

​মোবাইলের ইতিবাচক ব্যবহার ও পারিবারিক তদারকি : শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে ও পরে বয়সোপযোগী সীমা, পড়াশোনার সময় ডিভাইস দূরে রাখা এবং শিক্ষামূলক কনটেন্টে অভ্যস্ত করার বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে । খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পাঠাগারমুখী পরিবেশ তৈরি করতে পারলে ডিজিটাল আসক্তি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব ।

​মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ ও পুনর্বাসন : মাদক নির্মূলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় মুরুব্বি ও যুবসমাজকে নিয়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে । ঝুঁকিপূর্ণ বা আক্রান্ত কিশোর-তরুণদের জন্য কাউন্সেলিং, মানসিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থাও জরুরি ।

​ডিজিটাল শিক্ষা ও ল্যাব সুবিধা সম্প্রসারণ : প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কার্যকর কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সংযোগ এবং বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক উপকরণ নিশ্চিত করতে হবে । বিদ্যুৎ বা ইন্টারনেট সীমিত এমন এলাকায় অফলাইন ডিজিটাল কনটেন্ট ও সোলার ব্যাকআপের ব্যবস্থা রাখা যেতে পারে ।

​বৃত্তি, উপবৃত্তি ও ঝরে পড়া রোধে উদ্যোগ : দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি উপবৃত্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও বিস্তৃত করা প্রয়োজন । পাশাপাশি স্থানীয় সমাজহিতৈষী ও প্রবাসীদের সমন্বয়ে শিক্ষাবৃত্তি তহবিল গঠন করা গেলে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব ।

​সামাজিক সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধ : স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক ও সচেতনতামূলক কর্মসূচি চালাতে হবে, যাতে শিক্ষার মূল্য সবার কাছে স্পষ্ট হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় ।

​এলাকাভিত্তিক শিক্ষা উদ্যোগ ও মেন্টরশিপ : সুনামগঞ্জের কৃতি সন্তান, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সামাজিক সমিতিগুলো যেমন সুনামগঞ্জ সমিতি, সিলেট একযোগে মেধা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, মডেল টেস্ট ও দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করতে পারে । এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও লক্ষ্যমুখী হয়ে উঠবে ।

​হাওর জনপদের শিক্ষা বাস্তবতা ও বহুমাত্রিক সংকট

​হাওর, নদী, লোকসংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যের জনপদ সুনামগঞ্জ । এ জেলার মাটি ও মানুষের সাথে মিশে আছে ঐতিহ্য, সংগ্রাম আর সম্ভাবনার অমিত গল্প । সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা বিধৌত এই জনপদের মানুষ যেমন প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে জানে, তেমনি জ্ঞানচর্চা ও মেধার বিকাশেও সুনামগঞ্জের রয়েছে গৌরবময় ইতিহাস । কিন্তু বাস্তবতা হলো, ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সাম্প্রতিক সময়ের কিছু সামাজিক পরিবর্তনের কারণে সুনামগঞ্জের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে । একটি জেলার সামগ্রিক অগ্রগতির মূল ভিত্তি হলো তার শিক্ষাব্যবস্থা । প্রাথমিকের গণ্ডি পেরিয়ে যখন একজন শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পা রাখে, তখনই তার মেধা, আগ্রহ, নৈতিকতা ও ভবিষ্যৎ পেশার ভিত্তি গঠিত হয় । তাই সুনামগঞ্জের শিক্ষার্থীদের মেধা ও শ্রমকে সঠিক পথে পরিচালিত করতে হলে এই সংকটগুলোর গভীরে যাওয়া এবং টেকসই সমাধানের পথ খোঁজা আজ সময়ের দাবি ।

​সুনামগঞ্জের ভৌগোলিক বাস্তবতা শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব ফেলে । বছরের প্রায় অর্ধেক সময় হাওরের বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে থাকে । বর্ষাকালে নৌকা বা ইঞ্জিনচালিত নৌযানে যাতায়াত অনেক সময় শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হয়ে ওঠে । বৈরী আবহাওয়া, ঝড় বা ঢেউয়ের কারণে অনেক দিন নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা কঠিন হয় । অন্যদিকে শুষ্ক মৌসুমে হাওর শুকিয়ে গেলে অনেক জায়গায় ভাঙাচোরা সড়ক, কাঁচা রাস্তা বা পায়ে হাঁটা পথই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় । ফলে অনেক শিক্ষার্থী, বিশেষ করে দূরবর্তী গ্রাম বা চরের কিশোর কিশোরীরা নিয়মিত বিদ্যালয় ও কলেজে যেতে নিরুৎসাহিত হয় । অনেক প্রত্যন্ত এলাকায় এখনও মানসম্মত মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চমাধ্যমিক কলেজের সহজলভ্যতা নেই  ফলে কম বয়সেই শিক্ষার্থীদের দূরে কোথাও যেতে হয় অথবা পড়াশোনায় ছেদ পড়ে ।

​অবকাঠামোগত সীমাবদ্ধতা এই ভৌগোলিক সংকটকে আরও তীব্র করে তোলে। অনেক বিদ্যালয় ও কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব রয়েছে, কোথাও আবার ভবন জরাজীর্ণ বা বর্ষাকালে ছাদ চুঁইয়ে পানি পড়ে । নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং ছাত্রীদের জন্য আলাদা ও নিরাপদ সুবিধার ঘাটতি অনেক ক্ষেত্রে নিয়মিত উপস্থিতিতে বাধা সৃষ্টি করে । পাশাপাশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক বিজ্ঞানাগার ও ব্যবহারিক যন্ত্রপাতির অভাব, এবং সব বিভাগের শিক্ষার্থীদের জন্য কার্যকর কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সুবিধার ঘাটতি তাদের আধুনিক ও হাতে কলমে শেখার সুযোগ থেকে বঞ্চিত করছে ।


​শিক্ষকের ঘাটতি ও হিসাববিজ্ঞানে শিক্ষার্থী কমার বাস্তবতা

​শিক্ষার মানোন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হলো দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক । কিন্তু সুনামগঞ্জের গ্রামীণ ও হাওর এলাকার বহু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা । বিশেষ করে বিজ্ঞান, গণিত ও ইংরেজির পাশাপাশি বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিক্ষকের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হয় । অনেক প্রতিষ্ঠানে শিক্ষকের পদ শূন্য থাকায় অথবা এক বিষয়ের শিক্ষক দিয়ে ভিন্ন বিষয়ে ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা বিষয়টির মূল ধারণা থেকে বঞ্চিত হয় । এছাড়া হাওর অঞ্চল বা দুর্গম এলাকায় বসবাস ও যাতায়াতের কষ্টের কারণে অনেক দক্ষ শিক্ষক সেখানে দীর্ঘমেয়াদে থাকতে চান না বা বদলির চেষ্টা করেন, ফলে ধারাবাহিকতা নষ্ট হয় ।

​একজন হিসাববিজ্ঞানের শিক্ষক হিসেবে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের মানসিকতা পর্যবেক্ষণ করতে গিয়ে একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে হিসাববিজ্ঞানে পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে । এটি কেবল একটি পরিসংখ্যানগত পরিবর্তন নয়, বরং আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক শিক্ষার ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। অনেক শিক্ষার্থী মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ওঠার সময় হিসাববিজ্ঞানকে জটিল, গাণিতিক বা নীরস বিষয় ভেবে এড়িয়ে চলে । আবার অনেক ক্ষেত্রে যথাযথ হাতে-কলমে অনুশীলন, বাস্তব উদাহরণ ও আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যারের পরিচয় না থাকায় শুরুতেই তাদের মধ্যে ভীতি তৈরি হয় ।
​অথচ বাস্তব কর্মক্ষেত্রে হিসাববিজ্ঞানের গুরুত্ব কোনো অংশেই কম নয় । আধুনিক ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, নিরীক্ষা, কর ব্যবস্থাপনা, বাজেটিং, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং উদ্যোক্তা উন্নয়নে হিসাববিজ্ঞানের জ্ঞান অপরিহার্য । যেকোনো ক্ষুদ্র বা বড় উদ্যোগের সফলতা ও স্বচ্ছতা নির্ভর করে সঠিক হিসাবরক্ষণ ও আর্থিক বিশ্লেষণের ওপর । শিক্ষার্থীরা যদি শুরু থেকেই হিসাববিজ্ঞানকে কেবল মুখস্থ বা নিয়মের বোঝা না ভেবে দৈনন্দিন জীবনের আর্থিক সিদ্ধান্ত, ব্যবসায়িক লেনদেন ও ক্যারিয়ারের বিস্তৃত সম্ভাবনার সাথে যুক্ত করে দেখতে পারে, তবে এ বিষয়ের প্রতি তাদের ভয় কেটে গিয়ে আগ্রহ তৈরি হবে ।

​প্রযুক্তির অপব্যবহার, মাদকের ছোবল ও আর্থসামাজিক চাপ
​আজকের যুগে স্মার্টফোন ও ইন্টারনেট জ্ঞানের দরজা খুলে দিয়েছে ঠিকই, কিন্তু সুনামগঞ্জের গ্রাম ও হাওর জনপদেও এর অপব্যবহার শিক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । অনেক অভিভাবক সন্তানের সাথে যোগাযোগ বা অনলাইন ক্লাস ও তথ্যের প্রয়োজনে হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন, কিন্তু পরবর্তী সময়ে যথাযথ তদারকির অভাবে অনেক কিশোর তরুণ অনলাইন গেমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় ভিডিও কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে । রাত জেগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে সকালে ঘুম ভাঙতে দেরি হয়, শ্রেণিকক্ষে মনোযোগ কমে যায় এবং পড়াশোনার স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ে । দীর্ঘমেয়াদে এতে ধৈর্য ও সৃজনশীলতা কমে গিয়ে মানসিক অস্থিরতা বাড়ছে ।
​এর পাশাপাশি মাদকের আগ্রাসন আমাদের কিশোর ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ সামাজিক সংকট হিসেবে দেখা দিয়েছে । একসময় শহর বা নির্দিষ্ট কিছু এলাকায় মাদকের দৌরাত্ম্য বেশি শোনা গেলেও এখন হাওর ও গ্রামীণ জনপদেও এর বিস্তার উদ্বেগজনক । পারিবারিক তদারকির ঘাটতি, হতাশা, বেকারত্ব, সঙ্গদোষ এবং কিছু অসাধু চক্রের দৌরাত্ম্যে অনেক শিক্ষার্থী বিপথে পা বাড়াচ্ছে । একবার মাদকের জালে জড়িয়ে পড়লে শিক্ষার্থীর পড়াশোনা, আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক সম্পর্ক ভেঙে পড়ে, যা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকেই ক্ষতির মুখে ফেলে।
​আর্থসামাজিক বাস্তবতাও ঝরে পড়ার হার বাড়িয়ে দিচ্ছে । হাওর অঞ্চলে কৃষি, মাছ ধরা বা মৌসুমি শ্রমের ওপর নির্ভরশীল অনেক পরিবারে আয় রোজগারের স্থায়িত্ব কম । আকস্মিক বন্যা, ফসলহানি বা পারিবারিক সংকটে অনেক সময় পরিবারের প্রয়োজনে কিশোর বয়সেই ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করে কাজে যুক্ত হতে হয় । আবার গ্রামীণ ও প্রান্তিক জনপদে বাল্যবিবাহের প্রবণতা এবং শিক্ষার দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে সচেতনতার অভাবে অনেক মেয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তর শেষ করার আগেই পড়াশোনা থেকে ছিটকে পড়ে । এছাড়া সঠিক ক্যারিয়ার গাইডেন্স ও অভিভাবক শিক্ষক নিয়মিত আলোচনার অভাবে অনেক শিক্ষার্থী জানেই না মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর কী ধরনের দক্ষতা বা উচ্চশিক্ষার সুযোগ তার জন্য অপেক্ষা করছে ।

​সমন্বিত উদ্যোগ ও টেকসই উত্তরণের পথ
​এই বহুমাত্রিক সংকট থেকে উত্তরণের জন্য বিচ্ছিন্ন প্রচেষ্টা যথেষ্ট নয় প্রয়োজন সরকার, শিক্ষা প্রশাসন, স্থানীয় সমাজ, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ । প্রথমত, হাওরের ভৌগোলিক বাস্তবতা মাথায় রেখে নিরাপদ নৌযান বা কমিউনিটি বোটের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ বাড়াতে হবে । একই সাথে জরাজীর্ণ ভবন সংস্কার, শ্রেণিকক্ষ বৃদ্ধি, স্যানিটেশন ও বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব আধুনিকায়নে অগ্রাধিকার দিতে হবে ।

​দ্বিতীয়ত, বিষয়ভিত্তিক শূন্য পদ দ্রুত পূরণ করে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে এবং হাওর বা দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা বা প্রণোদনার ব্যবস্থা চালু করতে হবে, যাতে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকরা সেখানে থাকতে উৎসাহিত হন । আধুনিক পাঠদান কৌশল, ব্যবহারিক শিক্ষা ও ডিজিটাল কনটেন্ট ব্যবহারে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করাও জরুরি । বিশেষ করে হিসাববিজ্ঞানসহ বাণিজ্য ও বিজ্ঞান বিষয়ে হাতে-কলমে চর্চা, বাস্তব উদাহরণ ও আধুনিক প্রযুক্তি যুক্ত করলে শিক্ষার্থীদের আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে ।

​তৃতীয়ত, মোবাইলের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে । পড়াশোনার সময় স্মার্টফোন দূরে রাখা, বয়সোপযোগী সীমা নির্ধারণ এবং বিদ্যালয় ও গ্রামে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পাঠাগারের পরিবেশ তৈরি করলে শিক্ষার্থীরা সুস্থ বিনোদনের দিকে ঝুঁকবে । মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে পরিবার, বিদ্যালয়, ধর্মীয় নেতা, স্থানীয় মুরুব্বি ও যুবসমাজকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ঝুঁকিপূর্ণ কিশোর তরুণদের জন্য কাউন্সেলিং ও পুনর্বাসনের ব্যবস্থা রাখতে হবে ।
​চতুর্থত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারি বৃত্তি-উপবৃত্তির পাশাপাশি স্থানীয় সমাজহিতৈষী ও প্রবাসীদের সমন্বয়ে শিক্ষাবৃত্তি তহবিল গঠন করা যেতে পারে । বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে । 
আর সবচেয়ে বড় কথা, সুনামগঞ্জের কৃতি সন্তান, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সামাজিক সমিতিগুলো যেমন সুনামগঞ্জ সমিতি, সিলেট নিয়মিত মেধা যাচাই, ক্যারিয়ার কাউন্সেলিং, মেন্টরশিপ ও দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করলে শিক্ষার্থীদের সামনে স্পষ্ট স্বপ্ন ও পথ তৈরি হবে ।
​
​সুনামগঞ্জের শিক্ষার্থীদের মেধায় কোনো ঘাটতি নেই অভাব কেবল সঠিক সুযোগ, নিরাপদ ও সহায়ক পরিবেশ এবং সময়োপযোগী দিকনির্দেশনার । হাওরের ঢেউ আর প্রতিকূলতা যেমন সুনামগঞ্জের মানুষকে হার মানাতে পারেনি, তেমনি সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রেও এই সংকটগুলো জয় করা সম্ভব । পরিবারে সচেতনতা, বিদ্যালয়ে মানসম্মত ও আনন্দময় পাঠদান, সমাজে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এই সবকিছুর সমন্বয়েই সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা নতুন প্রাণ ফিরে পাবে ।

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে  শিক্ষার ভিত্তি মজবুত হলে সুনামগঞ্জ থেকেই আগামী দিনে বেরিয়ে আসবে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিবেদিত যোগ্য নেতৃত্ব।
 


লেখক: মনজুরুল মা আবুদ, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, আজীবন সদস্য। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন, সদস্য, সুনামগঞ্জ সমিতি সিলেট।