ইউএস ট্রেড শো-তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলো অংশগ্রহণ করবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভিসা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে ইউএসএইডের কর্মকাণ্ড ও মেধাস্বত্ব বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত সেমিনারও থাকবে।

 


আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৮তম ইউএস ট্রেড শো উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস। 


আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশে প্রাপ্য উচ্চমান সম্পন্ন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলো তুলে ধরা হবে। জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয় সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চল্লিশটির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।

 


ইউএস ট্রেড শো-র এই আসরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কোভিড-১৯ মহামারী শুরুর পর এবারই প্রথম দর্শনার্থীরা সশরীরে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। এছাড়া এবারের আয়োজনটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে। বাংলাদেশি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে,২০২১ সালে যার মোট পরিমাণ ছিল ১০.৬৪ বিলিয়ন ডলার।

 


ইউএস ট্রেড শো  চলাকালে যুক্তরাষ্ট্র দূতাবাস চারটি তথ্যমূলক সেমিনার আয়োজন করবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএইড) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনার বিষয় বাংলাদেশে ইউএসএইড: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ। 


শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় রয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কনস্যুলার অফিস ও এডুকেশনইউএসএ নামক পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের যৌথ উপস্থাপনা। 

 


এতে তাঁরা সারা বাংলাদেশে এডুকেশনইউএসএ’র মাধ্যমে দেয়া বিনামূল্য পরামর্শ সেবা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করবেন। এই অধিবেশনের পর বিকেল সাড়ে চারটায় দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা ব্যবসা, বিনিয়োগ ও চাকরির ভিসা সহ বিভিন্ন প্রকার যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। 

 


শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ওপর মেধা স্বত্বের প্রভাব বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

 


বার্ষিক ইউএস ট্রেড শো-তে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার অংশগ্রহণ- বাংলাদেশের অব্যাহত প্রবৃদ্ধি ও উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও সহনশীলতা এবং সবার জন্য যৌথ সমৃদ্ধি অর্জনের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি অর্থনৈতিক উন্নয়ন কৌশলের সমর্থনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে প্রকাশ করে।  
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৫