শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল ইসলাম।



এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল ও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সওদ বিন আম্বিয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 


উদ্বোধনকালে কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ একটি সময় ধরে আমরা তেমন কোনো ধরণের খেলাধুলার আয়োজন করতে পারিনি। অবশেষ ভলিবল প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এখন ক্যাম্পাসে পুরনো আমেজ ফিরেছে।


খেলোয়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশে গণিত বিভাগের এ শিক্ষক বলেন, তোমরা নিজেদেরকে ভালোবাসবে ক্যাম্পাসকে ভালোবসাবে। সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবে।


‘ক্যাম্পাস এখন স্থিতিশীল অবস্থায় এসেছে। কেউ যাতে এটা ব্যাহত করতে না পারে সেইদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে।’


ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা  পারভীন খেলোয়াড়দের উদ্দেশে বলেন- খেলাধুলার নিয়ম শৃঙ্খলা মেনে খেলার চেষ্টা করবে। এটাই তোমাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা।


‘এখান থেকে ভালো পারফর্মেন্স করতে পারলে তোমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আশা করি তোমরা ভালো করবে।’ 


এদিকে- উদ্বোধনী পর্বে মুখোমুখি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ ও সমুদ্রবিজ্ঞান বিভাগ। 


দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর শুভসূচনা হবে বলে মতামত দর্শকদের। ইতোমধ্যে গ্রাউন্ডে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।


সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না