টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই ম্যাচে পাকিস্তানের প্রধান শক্তি তাদের পেস বোলিং। লড়াইটা কার্যত হবে পাকিস্তানের পেসারদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটারদের। তবে কিউয়ি বোলিং লাইন-আপও কিন্তু বেশ ভালো। পাকিস্তানের দুর্বল ব্যাটিং অর্ডার এবং বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ানের ছন্দে না থাকাটাও বড় চ্যালেঞ্জ হবে পাকিস্তানের কাছে।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভ পর্বে তারা পাঁচটি ম্যাচের মাত্র একটিতে হেরেছে। একটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। জিতেছে তিনটিতে। নিউজিল্যান্ড যে কয়টি ম্যাচ খেলেছে তাতে তাদের ব্যাটিং দক্ষতার পরিচয় ফুটে উঠেছে। এছাড়া দলটির প্রধান দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি দারুণ ফর্মে।
সিডনিতে এখন পর্যন্ত যে তিনটি পিচের ব্যবহার করা হয়েছে, তার মধ্যে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ যেখানে হচ্ছে এটাই সব থেকে বেশি ব্যাটিং সহায়ক এবং ফ্ল্যাট। এই উইকেটে প্রথমে ব্যাটিং করা দলের গড় রান ১৬৫।
এবারের বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জিতলেও ৭০ শতাংশ ক্ষেত্রে এখানে যে দল পরে ব্যাট করেছে, তারা জিতেছে। তবে পরিসংখ্যান যা-ই হোক, মাঠে যারা ভালো পারফর্ম করবে তারাই পাবে ফাইনালের টিকিট। চলুন জেনে নেই কোন দলে কে কে আছেন-
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৫




