সময়সূচি জটিলতায় ঢাকা সফরে আসছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ—এমনটাই শুনেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামীকাল সোমবার সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন।
ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) উদ্বোধন শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শুনেছেন, ল্যাভরভের সফরের সময়সূচি নিয়ে কিছু সমস্যা হচ্ছে বলে আসতে পারছেন না। কথা বলার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সময় দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার সের্গেই ল্যাভরভের সঙ্গে তার ফোনে কথা হবে। এরপরই বিস্তারিত জানাতে পারবেন বলে আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ল্যাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানানো হয়। তার পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
তবে ঢাকার রাশিয়ার দূতাবাস জানিয়েছে, তারা এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানে না। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। ২৩ নভেম্বর তার ঢাকায় আসার বিষয়টিও নিশ্চিত ছিল।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




