দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটে গত কয়েক দিন ধরে বাড়ছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা থাকলেও বিকেল থেকে কমতে শুরু করে।
রাতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পড়তে থাকে ঘন কুয়াশাও। পাশাপাশি হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়েও দিচ্ছে। এমন আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আগামী কয়েকদিনে সিলেটে রাতে তাপমাত্রা আরও কমবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
জানা গেছে, শহরে এখনও তেমন ঠাণ্ডা না পড়লেও গ্রাম এলাকায় শীত পড়েছে বেশি। বিশেষ করে ভারতের মেঘালয় সীমান্ত লাগোয়া জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে খুব বেশি শীত অনুভুত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে তাপমাত্রা প্রতিদিন কমছে। ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমে আসবে।
এদিকে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সিলেট মহানগরের গরম কাপড়ের দোকানেও। শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানগুলোতে শীতবস্ত্র বিক্রি বেড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ভিড় করছেন ফুটপাতে।
জিন্দাবাজারের সিটি সেন্টারের এক ব্যবসায়ী বলেন, মৌসুমের শুরুতেই দোকানে শীতবস্ত্র নিয়ে আসি। শীতের তীব্রতা বাড়তে শুরু করায় গরম কাপড় বিক্রি কিছুটা বেড়েছে।
বন্দরবাজারের ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করা একজন বলেন, ঠাণ্ডার তীব্রতা যত বাড়ছে, বিক্রিও তত বাড়ছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




