সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

 


১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান।

 

অনুষ্ঠানের মধ্যে ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মোড়াল ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

 

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের স্ব স্ব ভবনে জাতীয় পতাকা উত্তোলন।

 

সকাল সাড়ে ৮টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী।

 

সকাল সাড়ে ১০টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীর বীরঙ্গনা এবং শহীদ পরিবারের সদস্যগনকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

বাদ জোহর ও সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়।

 

বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধাগনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মহান বিজয় দিবসে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা পুলিশ প্রশাসন, শাল্লা উপজেলা প্রেসক্লাব, শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি, জাতীয়পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

 

মহান বিজয় দিবসে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনে সালাম গ্রহণ করেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল-আমিন), শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

 

সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড.দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, বীর মুক্তিযোদ্ধা, বীর বীরঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যগন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, শাল্লার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তি প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-৩৬