ফুটবলের কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকাহত ক্রিড়া বিশ্ব। বৃহস্পতিবার রাতে পেলের মৃত্যুর খবর শোনার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে।
ফুটবলের মহারাজা পেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্ম পোস্টে ভরে উঠেছে।
পেলের ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকা নেইমার লেখেন, ‘পেলে ফুটবলের সবকিছু বদলে দিয়েছিলেন, পেলের আগে, ফুটবল ছিল স্রেফ একটি খেলা। পেলে সব কিছু বদলে দেন। তিনি ফুটবলকে পরিণত করেন শিল্পে, বিনোদনে। তিনি ছিলেন দরিদ্র ও কালো মানুষের কণ্ঠস্বর।’
‘মূলত তিনি ব্রাজিলকে তুলে ধরেছিলেন। ফুটবল ও ব্রাজিলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মহারাজা। তিনি চলে গেছেন, কিন্তু জাদুটা রয়ে গেছে।’
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘আমার সমবেদনা পুরো ব্রাজিলের প্রতি, বিশেষ করে এডসন আরেন্তেস দু নসিমন্তর প্রতি। কেবল মাত্র বিদায় শব্দটি দিয়ে এই ফুটবল কিংবদন্তিকে হারানোর বেদনা বোঝানো যাবে না। কোটি কোটি মানুষের প্রেরণা তিনি। গতকাল, আজ ও চিরকালের উদাহরণ তিনি। তার কীর্তি কখনো মলিন হবে না। তার স্মৃতি ফুটবলপ্রেমীদের নাড়া দিবে সব সময়। শান্তিতে ঘুমান রাজা।’
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে টুইটারে পেলের সঙ্গে তার ঘনিষ্ট ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেলেও তার উত্তরাধিকার কখনো ভোলার নয়।’
ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন লেখেন, ‘আপনি সব সময় শ্রেষ্ঠ থাকবেন। কারণ ৬০ বছর আগে প্রবল প্রতিকূলতার মধ্যে যা করে দেখিয়েছেন এখনো সবাই তা পারে না।’
বৃহস্পতিবার ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে যান পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্তো। ১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। তবে বেশ কয়েকবছর ধরেই শরীর ভালো যাচ্ছিল না পেলের। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তার। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোয় রাশিয়া বিশ্বকাপের এক অনুষ্ঠানে হুইলচেয়ারে বসা অবস্থাতেই দেখা গিয়েছিল তাকে। ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৮




