ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে জাতীয় দলের নেতৃত্ব হারাতে হয়েছিল বিরাট কোহলির। দেশটির একটি টিভির স্টিং অপারেশনের ভিডিওতে এমনটাই বলতে শোনা গেল ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে।
চেতনকে সেই ভিডিওতে বলতে শোনা যায়, ‘বিরাট ও সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।’
ভারতীয় টিভি জি নিউজের সেই ভিডিওর অবশ্য সত্যতা সম্পর্কে এখনও কেউ কিছু বলেনি।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলি নিজেই ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। পরে এক দিনের ক্রিকেটে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাল বলের ক্রিকেটে সিরিজ হারার পর নিজেই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট।
তবে প্রধান নির্বাচক চেতনকে স্টিং অপারেশনের ওই ভিডিওতে বলতে শোনা যায়, ‘সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাট সেই সময় নেতা ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।’
দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে বিরাট বলেছিলেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সময় তাকে কেউ বাধা দেননি। যদিও তার কিছু দিন আগেই সৌরভ জানিয়েছিলেন, তিনি নিজে বিরাটকে অনুরোধ করেছিলেন নেতৃত্ব না-ছাড়ার জন্য।
সেই সময় থেকেই সৌরভ এবং বিরাটের মধ্যেকার ইগোর লড়াই বা সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা বাড়তে থাকে। যদিও দু’জনের কেউই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এই প্রসঙ্গ নিয়েও কথা বলতে শোনা যায় চেতনকে।
জি নিউজের গোপন ক্যামেরায় চেতন সেই জল্পনাকেই মান্যতা দিলেন। গোপন ক্যামেরায় তোলা যে ভিডিয়ো সামনে এসেছে সেখানে প্রশ্নকর্তাকে বলতে শোনা গিয়েছে, “দু’জনের মধ্যে কে সত্যি বলছে?” জবাবে চেতনকে বলতে শোনা গিয়েছে, ‘সৌরভ নেতৃত্ব না ছাড়ার কথা বিরাটকে বলেছিল।’
এদিকে কোহলিকে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব থেকে সরানোর সময় বোর্ড জানিয়েছিল যে, সাদা বলের ক্রিকেটে এক জনকেই নেতা হিসাবে রাখতে চায় তারা। কিন্তু এখন টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর ৫০ ওভার ও টেস্ট ক্রিকেটে দলনেতা রোহিত। যদিও হার্দিক সেই সিরিজগুলিতেই নেতৃত্ব দিয়েছেন যেখানে রোহিত খেলেননি।
এ বিষয়ে চেতনকে ওই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘বিরাটকে সরানোর সময় বলা হয়েছিল যে, সাদা বলের ক্রিকেটে এক জনই অধিনায়ক থাকবে। কিন্তু এখন হার্দিককে টি-টোয়েন্টি অধিনায়ক করে পরীক্ষানিরীক্ষা করছে বোর্ড।’
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৯
সূত্র : ঢাকা টুডে




