সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।বদলিজনিত কারণে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।  

বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।


অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সচিব বনমালি ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিক উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মৌলভীবাজারের পিপি এডভোকেট রাঁধাপদ দেব সজল, সাবেক পিপি আজাদুর রহমান আজাদ, বিএমএ সভাপতি ডা. সাব্বির হোসেন খাঁন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, পুজা উদযাপন পরিষদ জেলা সাধারণ সম্পাদক মহিম দে, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা বলেন, আজ ভালো কাজ করার জন্য ডিআইজিকে সংবর্ধনা দেয়া হয়েছে। তাই পুলিশসহ সমাজের বিভিন্নস্তরের লোকজন যদি ভালো কাজ করে তাহলে তিনিও এভাবে সংবর্ধনা পাবেন এবং প্রশংসিত হবেন।

সংবর্ধিত ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, আজ থেকে ২৫ বছর আগে যখন চাকুরীতে যোগ দিয়েছিলাম তখন থেকেই মৌলভীবাজার জেলায় চাকুরী করার ইচ্ছা ছিল। কিন্তু সুযোগ নাহলেও সিলেটের ডিআইজি হওয়ার পর সেই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে। আমি এখানে স্বশরীরে না থাকলেও মৌলভীবাজারে অনেক সময় কাটিয়েছি। মৌলভীবাজার নিয়ে অনেক কবিতা লিখেছি। আমি এখান থেকে যাওয়ার পর মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় যেনো এই কবিতাগুলি ছাপা হয় সেই আশাবাদ তিনি ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, ধর্মীয় প্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-১৭