দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সনের মুক্তিসহ ১০ দফা দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা করেছে  জাতীয়তাবাদী দল বিএনপি।  কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে জেলা বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠন।

শনিবার দুপুরে শহরের পুরাতন বাস্ট্যান্ডস্থ বিএনপির কার্যালয়ের সামন হতে পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজ পথ। পদযাত্রাটি হোসেন চত্বরে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন। 

এদিকে, বিএনপির পদযাত্রাকে সন্ত্রাস নৈরাজ্য আখ্যা দিয়ে শহরের পৃথক স্থানে শান্তির সমাবেশ করেছে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ। শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামীলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস ও জেলা ছাত্রলীগের  সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকাদার পিন্টুর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য নুরুল হুদা মুকুট বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে জেলা অওায়ামলীগ শক্তিশালী অবস্থানে রয়েছে। পদযাত্রার নামে নৈরাজ্য করলে আওয়ামীলীগ তা প্রতিহত করবে। যারা নাশকতা করবে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে। তিনি বলেন, জামাত বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে চায়। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল, কুরুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

এছাড়াও সমাবেশে জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছোসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডি.আর