সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গয়নাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে না পারলেও স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া। তিনি উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের বাসিন্দা। আর আহত ব্যক্তির নাম রেদোয়ান আহমদ। তিনি ধনপুর গ্রামের বাসিন্দা।
আহতজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী বিরতিহীন বাস গয়নাঘাট নামক স্থানে রোববার বিকাল ৫টায় পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটি আটক করার চেষ্টা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডি.আর




