প্রথম বাংলাদেশি হিসেবে লাতিন আমেরিকার ফুটবলে খেলবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আর্জেন্টিনা ঘরোয়া লিগের তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এদিকে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন জামাল।
এবারের প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলছেন জামাল।
শেখ রাসেল ক্লাবের পরিচালক সালেহ জামান সেলিম জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমার জানার কথা। এ ব্যাপারে এখনো আমি কোনো খবর পাইনি।’
গতকাল সোমবার ঢাকায় পুনরায় চালু করা হয় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া আর্জেন্টিনার দূতাবাস। সেই অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, দুইজনের সঙ্গে বসে আছেন জামাল। আর টেবিলের ওপর রয়েছে তার ৬ নম্বর জার্সি, পাশেই আর্জেন্টিনা জাতীয় দল ও সোল দে মায়োর জার্সি রাখা।
ক্লাবটির কর্তারা ঘোষণা দিয়েছেন, দ্রুত দলের অনুশীলনে যোগ দেবেন জামাল। যদিও এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




