ছবি: সংগৃহিত
ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ বল পর্যন্ত গড়ানো নাটকীয় লড়াইয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওভারে হ্যাটট্রিকসহ মেহেদী হাসান রানার অবিশ্বাস্য বোলিং ম্যাচে ফেরালেও শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নোয়াখালী এক্সপ্রেসকে আগে ব্যাটিংয়ে পাঠান সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে বিপিএলের নবাগত দল নোয়াখালী।
নোয়াখালীর ইনিংসে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে সিলেট। খালেদ আহমেদ ও সাইম আইয়ুবের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। খালেদ আহমেদ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। সাইম আইয়ুব শিকার করেন ২টি উইকেট। শেষ ওভারে টানা দুই বলে জাকের আলী অনিক ও রেজাউর রহমান রাজাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি।
নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অঙ্কন। এছাড়া জাকের আলী অনিক করেন ২৯ ও সৈকত ২৪ রান। তবে শুরুতে ও মাঝপথে একাধিক ব্যাটারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি তাদের।
১৪৪ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। রানের খাতা খোলার আগেই ফেরেন সাইম আইয়ুব। এরপর রনি তালুকদার ও জাকির হাসানও দ্রুত ফিরে যান। চাপের মুহূর্তে হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মিরাজ। দুজনের ৮৩ রানের জুটি ম্যাচে ফেরায় সিলেটকে।
৬০ রানে ইমন আউট হলে ভাঙে সেই গুরুত্বপূর্ণ জুটি। এরপর আফিফ হোসেন ধ্রুব দ্রুত বিদায় নেন। শেষদিকে নাটকীয়তার চূড়ান্ত রূপ নেয় ম্যাচ। নিজের শেষ ওভারে হ্যাটট্রিক করে নোয়াখালীকে ম্যাচে ফেরান মেহেদী হাসান রানা। তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট, যা বিপিএলের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক।
শেষদিকে ইথান ব্রুক ১৬ রান করে আশার আলো দেখালেও রান নিতে গিয়ে রানআউট হন। তখন এক বলে প্রয়োজন ছিল দুই রান। সেই মুহূর্তে সাব্বির হোসেন ওয়াইড করে বসলে ম্যাচ টাই হয়ে যায়। শেষ বলে এক রান নিয়ে সিলেটকে নাটকীয় জয় এনে দেন সালমান ইরশাদ।
নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ নেন ২ উইকেট। এছাড়া রানা ছাড়াও একটি করে উইকেট নেন রাজা ও জহির খান। শেষ পর্যন্ত সব নাটক পেরিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স।
সংক্ষিপ্ত স্কোর-
নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৪৩/৭ (সাদাকাত ০, সোহান ০, সৈকত ২৪, হায়দার ০, অঙ্কন ৬১, সাব্বির ১৫, জাকের ২৯, রাজা ০, হাসান ১*; আমির ৪-০-২৫-১, খালেদ ৪-১-২৩-৪, সালমান ৪-০-৩৬-০, নাসুম ৪-০-২৮-০, সাইম ৪-০-২৫-২)
সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৪৪/৯ (সাইম ০, রনি ৯, জাকির ১৩, ইমন ৬০, মিরাজ ৩৩, আফিফ ৩, ব্রুকস ১৬ ,নাসুম ০, খালেদ ০, আমির ১*, সালমান ১*; হাসান ৪-০-১৯-২, রানা ৪-০-৩৪-৪, রাজা ৪-০-২৪-১, সাব্বির ৩-০-২৯-০, জহির ৪-০-২৩-১, সাদাকাত ১-০-১৩-০)
ফলাফল: সিলেট টাইটান্স ১ উইকেটে জয়ী
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া




