মামলা আর গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। দলটির অধিকাংশ নেতারা বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ না থাকলেও সিলেটের ছয়টি আসনসহ বিভাগে এই দলটির বিপুলসংখ্যক ভোট এখনো সক্রিয় রয়েছে। এই ভোট নিজেদের পক্ষে টানতে নানা কৌশলে মাঠে নেমেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

সিলেট থেকে পালিয়ে ভারত, লন্ডন ও আমেরিকায় থাকা দলটির নেতাদের একটি বিরাট অংশের সাথে যোগাযোগও অব্যাহত রয়েছে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের। নানা হিসেব-নিকেশের পর আওয়ামী লীগের একটি বিরাট অংশ ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। যাদের মধ্যে সিংহ ভাগই নারী ভোটার।


নারী ভোটারদের মধ্যে বড় একটি অংশ সিলেট আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের পরিবারের সদস্য কিংবা স্বজন রয়েছেন। এবারের এয়োদশ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। ভোটারদের প্রায় অর্ধেক অর্থাৎ শতকরা ৪৮ দশমিক ৫ ভাগ নারী।

সূত্র জানায়, সিলেটে নির্বাচনি উত্তাপে অনেকটা বাঁধা হয়ে দাঁড়িয়েছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান ও পরবর্তী মামলা। সিলেট জেলা ও সিটি করপোরেশন এলাকার থানাগুলোতে মোট ১৩৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলা এবং ১২০টি বিস্ফোরক ও হামলার মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৩০ হাজার জনকে। গ্রেফতার হয়েছে ৩শ জন। তবে মামলা, গ্রেফতার ও মব আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে কয়েক লাখ লোককে। এমনকি মামলার আসামি নয় এমন লোকজনও আতঙ্কে আত্মগোপনে। এই পরিস্থিতিতে সিলেট জেলার ৬টি আসনে মোট ৩৩ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

বিএনপি ও জামায়াত জোটের শক্তিশালী প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও লড়াইয়ে আছেন। সব মিলিয়ে নারী ভোটারদের সক্রিয়তা, মামলার চাপ ও রাজনৈতিক সমীকরণ মিলিয়ে সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নারী ভোটের ভূমিকা আগাম আঁচ করতে বাড়ি বাড়ি নারী কর্মী পাঠিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত জামায়াত-বিএনপির নেতারা।

ভোটের হিসাব অনুসারে,  সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ এবং পুরুষ ৩ লাখ ৫৩ হাজার ১৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন।

নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৪০ এবং পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন। নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৭৮ এবং পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৮৬ জন। সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩।

নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১ জন। সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৫৬ জন। সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ১৫৪ এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন।

সিলেটভিউ২৪ডটকম/পিটি