ডিজিটাল যুগে নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। বাংলাদেশও সেই পথেই এগিয়ে চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির সংযোজনের মাধ্যমে জনসেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চালু হয়েছে “GenieA” নামের একটি স্মার্ট অ্যাপ।


এই অ্যাপটির বিশেষত্ব হলো—এটি আবিষ্কার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এটিই প্রথম এমন একটি উদ্ভাবনী অ্যাপ, যা সরাসরি নাগরিকদের নিরাপত্তা সেবার সঙ্গে যুক্ত।


GenieA মূলত একটি ডিজিটাল নিরাপত্তা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নাগরিকরা জরুরি মুহূর্তে দ্রুত পুলিশের সহায়তা পেতে পারেন। অ্যাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো SOS বাটন, যার মাধ্যমে বিপদের সময় একজন ব্যবহারকারী তার অবস্থানসহ তাৎক্ষণিক সংকেত পাঠাতে পারেন। ফলে পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।
 

এছাড়াও লাইভ লোকেশন শেয়ারিং, দ্রুত যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের সুবিধা এই অ্যাপটিকে আরও কার্যকর করে তুলেছে।

বর্তমান সমাজে নারী, শিশু ও প্রবীণরা প্রায়ই বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। অনেক সময় তারা তাৎক্ষণিকভাবে সহায়তা চাইতে পারেন না। GenieA এই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করতে পারে। খুব সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপটি তাদের জন্য নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠতে পারে। এতে করে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়।
 

এই উদ্ভাবনের পেছনে রয়েছে এক দূরদর্শী চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি। আব্দুল কুদ্দুছ চৌধুরীর এই উদ্যোগ প্রমাণ করে, নেতৃত্ব যদি উদ্ভাবনী হয়, তবে সরকারি প্রতিষ্ঠানও যুগোপযোগী সেবা দিতে সক্ষম। তার এই প্রচেষ্টা শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়, বরং এটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার মতো একটি মডেল হতে পারে।

তবে এই অ্যাপের সফলতা নিশ্চিত করতে হলে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তার উন্নয়ন। অনেকেই এখনও এ ধরনের অ্যাপ ব্যবহারে অভ্যস্ত নন, তাই তাদের প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়া জরুরি। পাশাপাশি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অ্যাপটির সার্ভার ও সাপোর্ট সিস্টেম শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ।
 

সবশেষে বলা যায়, GenieA শুধুমাত্র একটি অ্যাপ নয়, এটি বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের একটি প্রতীক। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জনবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও স্মার্ট সমাজ গড়ে তোলার যে স্বপ্ন—GenieA সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি দৃঢ় পদক্ষেপ। ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবন আরও বিস্তৃত হলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নাগরিকদের জীবনে নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 


আকাশ চৌধুরী : সাংবাদিক ও কলামিষ্ট।