যুক্তরাজ্য প্রবাসীদের ঐতিহ্য ও গৌরবের প্রতীক ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে আয়োজিত এ সভায় প্রায় সাড়ে তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সেন্টারের চিফ ট্রেজারার শিব্বির আহমদ।


পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক হিসাব উপস্থাপন করেন যথাক্রমে দেলোয়ার হোসেন ও শিব্বির আহমদ। প্রতিবেদন দুটির ওপর আলোচনায় অংশ নেন পার্মানেন্ট মেম্বার প্রফেসর ড. সানওয়ার চৌধুরী, দিলওয়ার হোসেন, মোহাম্মদ আলী মজনু, মোহাম্মদ সরওয়ার আহাদ, ফিরোজ আহমদ এবং লাইফ মেম্বার দবির হোসেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দু’টি অনুমোদিত হয়।

নবাব উদ্দিনকে সম্মাননা

সভায় বাংলাদেশ সেন্টারের কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদানের স্বীকৃতিস্বরূপ সেন্টারের প্রধান উপদেষ্টা ও পার্মানেন্ট মেম্বার নবাব উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটি

সাধারণ সভা শেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রধান, বিশিষ্ট জজ ও সলিসিটর বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ব্যারিস্টার আবুল কালাম ও সলিসিটর মাহদি হাসান।

নির্বাচন কমিশন ঘোষণা করে যে, বাংলাদেশ সেন্টারের ২০২৬-২০২৮ মেয়াদের কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির ৩৮টি পদের বিপরীতে সমসংখ্যক বৈধ মনোনয়নপত্র জমা পড়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে বিধি অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

পার্মানেন্ট মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিতরা হলেন মাহিদুল ইসলাম চৌধুরী, সামসুল ইসলাম সেলিম, জামাল মিয়া, আবু বকর খান, জাহিদুর রহমান, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ ফজর আলী, সাহেদ আহমদ, মানিক মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ সরওয়ার আহাদ, তফজ্জুল মিয়া, মোহাম্মদ হোসেন রহমান, ড. শাহানুর খান, করিম মিয়া শামীম, সেলিম চৌধুরী ও এনামুল করিম খানসহ মোট ২১ জন।

লাইফ মেম্বার ক্যাটাগরি থেকে নির্বাচিত ১৭ জন হলেন আমিনুল হক জিলু, মো. আবজল হোসেন, শামীম আহমদ, ড. রাজাউল হায়দার, মোহাম্মদ মামুন রশীদ, আলী আহমেদ বেবুল, আবু আহমেদ সরওয়ার, মোহাম্মদ সাদ চৌধুরী, মোহাম্মদ ময়নুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান, গুলনাহার থান, মোহাম্মদ এ আর সোহেল, হাফসা নূর, মরিয়ম রহমান পলি, মো. দেলোয়ার হোসেন, জুবের আহমদ ও শিব্বির আহমদ।

সাধারণ সম্পাদক নির্বাচিত তফজ্জুল মিয়া

নির্বাচনের পর নবনির্বাচিত কাউন্সিল ম্যানেজমেন্ট কমিটির এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্মানেন্ট মেম্বার ড. শাহানুর খান এবং পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে তফজ্জুল মিয়াকে বাংলাদেশ সেন্টারের ২০২৬-২০২৮ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সভায় বিভিন্ন পদ বণ্টন ও উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ সেন্টারের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী ফাউন্ডার, পার্মানেন্ট, লাইফ ও জেনারেল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সেন্টারের খতিব ও লাইফ মেম্বার হাফিজ নাজিম উদ্দিন।

ইতিহাসের সঙ্গে জড়িয়ে বাংলাদেশ সেন্টার

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বৈশ্বিক জনমত গঠনে যুক্তরাজ্য প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময় স্বাধীনতা আন্দোলনের আন্তর্জাতিক সমন্বয়কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ‘বাংলাদেশ সেন্টার’। এখানেই ভারতের পর বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম দূতাবাস কার্যক্রম পরিচালিত হয়।

লন্ডনের রয়্যাল বরো অব কেনসিংটন অ্যান্ড চেলসির নটিংহিল গেইট টিউব স্টেশনের নিকটবর্তী ২৪ পেমব্রিজ গার্ডেন্সে অবস্থিত এই ঐতিহাসিক প্রতিষ্ঠান আজও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি