যুক্তরাজ্যের পোর্টস্মাথ শহরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো। পোর্টস্মাথ সিটি কাউন্সিলের শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্রিটিশ-বাংলাদেশি লর্ড মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন কাউন্সিলর আবদুল কাদির। কাউন্সিল সভায় তিনি আনুষ্ঠানিকভাবে লর্ড মেয়র নির্বাচিত হন।

এই ঐতিহাসিক অর্জনে শুধু পোর্টস্মাথের বাংলাদেশি কমিউনিটিই নয়, বরং সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি সমাজ আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত। পোর্টস্মাথে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত লর্ড মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, আব্দুল কাদিরের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


জানা যায়, ষাটের দশক থেকে পোর্টস্মাথে বাংলাদেশিদের বসবাস শুরু হলেও স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ছিল সীমিত। দীর্ঘ সময়ের সেই যাত্রাপথ পেরিয়ে বর্তমানে কাউন্সিলর আব্দুল কাদিরই স্থানীয় কাউন্সিলে একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এবার লর্ড মেয়র নির্বাচিত হয়ে তিনি নতুন ইতিহাস রচনা করলেন।

সম্প্রতি Portsmouth City Council সিটি হিসেবে তাদের শতবর্ষ পূর্ণ করেছে। এই বিশেষ সময়ে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের সর্বোচ্চ নাগরিক পদে নির্বাচিত হওয়া পুরো কমিউনিটির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

নবনির্বাচিত লর্ড মেয়র আব্দুল কাদির তার প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মান শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশি কমিউনিটির অর্জন। তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে এবং কমিউনিটির উন্নয়নে কাজ করতে। আজকের এই সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”

কমিউনিটির বিশিষ্টজনরা বলেন, আব্দুল কাদিরের সততা, নিষ্ঠা ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডই তাকে এই মর্যাদাপূর্ণ আসনে পৌঁছে দিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে পোর্টস্মাথে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্ম রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত হবে।

বাংলাদেশি কমিউনিটির কাছে আব্দুল কাদির এখন গর্বের প্রতীক। তার এই অর্জন প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম, সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে প্রবাসেও নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব।

উল্লেখ্য, নবনির্বাচিত লর্ড মেয়র Abdul Kadir-এর গ্রামের বাড়ি বাংলাদেশের Jagannathpur Upazila উপজেলার শাহারপাড়া এলাকায়। তার এই ঐতিহাসিক অর্জনে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়ও আনন্দের আবহ বিরাজ করছে।


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৬