বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
রোববার (৩১ মে) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ক্লাবের সদস্যরা অংশ নেন। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজন সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু—এই তিনটি খেলায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। ক্যারম খেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সর্বাধিক। তবে দাবা ও লুডুতেও প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবেন চ্যাম্পিয়ন এবং কার হাতে উঠবে বিজয়ের ট্রফি—এ নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।
.gif)
প্রতিযোগিতার ফলাফলে দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানারআপ হন আসাদ্দুজ্জামান মুকুল। ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান এবং রানারআপ হন সামসুল ইসলাম। লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান এবং রানারআপ হন বাহার উদ্দিন।
প্রতিযোগিতা শেষে বিকেলে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয়। লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবু মুসা হাসান বলেন, সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি এমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন এবং বিশেষ করে দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আবু মুসা হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণীর শুরুতেই টুর্নামেন্টের সাব-কমিটির সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মেডেল প্রদান করা হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়নে গঠিত সাব-কমিটিতে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং এনাম চৌধুরী।
ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন প্রতিযোগিতার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাব-কমিটির সদস্য, সংশ্লিষ্ট সকল সহযোগী এবং অংশগ্রহণকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফল আয়োজন বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে প্রতিযোগিতার ক্রীড়া পরিচালনায় বিশেষ দক্ষতার পরিচয় দেন ক্লাবের নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল। খেলার নিয়ম-কানুন প্রণয়ন, প্রতিযোগিতার তদারকি এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনায় তাঁর ভূমিকা উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়ায়।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সম্ভব হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সাব-কমিটি, অংশগ্রহণকারী সদস্য এবং সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলতে সদস্যদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক আকরাম হুসাইন বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট ও বহুল জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টেও সদস্যরা একই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন ট্রেজারার আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, প্রথম নির্বাহী সদস্য সারোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য লোকমান কাজী।
এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসনসহ বিপুল সংখ্যক সিনিয়র ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য এনে দেয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং বিজয়ীদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ শরীর ও সুন্দর মানসিক বিকাশের অন্যতম অনুষঙ্গ। সেই লক্ষ্য থেকেই লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন করে থাকে। সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সফল ও আনন্দঘন এই আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে, লন্ডন বাংলা প্রেসক্লাব শুধু সাংবাদিকদের পেশাগত সংগঠনই নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এক প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক মিলনকেন্দ্র।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১




