কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে পদুয়ার বাজার ও সুয়াগাজী এলাকার মাঝামাঝি নলচর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করে মিছিলে অংশ নেন। তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ মুজিব, লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের এই মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত মহাসড়ক ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ জনকে আটক করে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ভিডিও ধারণ করতে যতটুকু সময় লাগে, ততক্ষণই মিছিলকারীরা মহাসড়কে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সরে যায়। তবে অভিযানে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ৪৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক