এসো পরিচ্ছন্ন শহর গড়ি এই এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শনিবার (১৩ জুন) সকাল থেকে পৌর এলাকার জে. কে সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভা পক্ষ থেকে ফলদ গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন নবীগঞ্জ পৌর প্রশাসক রুহুল আমিন।
এতে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, উপজেলার পজিব পঃ কমকর্তা সাকিল আহমেদ, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, উচ্চমান সহকারী দিপংকর সরকার। পরে জে.কে. সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের পুকুর রক্ষা ও পরিষ্কারের জন্য নির্দেশ দেন পৌর প্রশাসক।পরিষ্কার পরিচ্ছন্নতা স্লোগানকে সামনে রেখে শহরের প্রধান বাজার, ড্রেন, পাবলিক প্লেস এবং যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য পৌরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পৌর এলাকার বিভিন্ন সড়কের দুপাশে, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এবং ফাঁকা জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র চারা রোপণ করলেই হবে না, এগুলোকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।
এই সবুজায়নে প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ধরে রাখতে পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নবীগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে কেবল পৌরসভার একার পক্ষে সম্ভব নয়, এতে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে আগামীতেও এই ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে পৌরপ্রশাসনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ সলিল/ এহিয়া



