উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মশাল মিছিল থেকে ককটেল হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (২৩ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আবু হাসান সাগর বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
 


থানা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের একপর্যায়ে শ্রমিক লীগ নেতা আবু হাসান সাগরকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
 

এদিকে সাগরের পরিবারের দাবি, বিএনপির নেতাকর্মীরা তাকে আটকে রেখে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আবু হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০