সুনামগঞ্জের শাল্লা থানায় আদালতের নির্দেশে জব্দকৃত দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির উপকরণ এবং গুড় ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে থানা প্রাঙ্গণে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সূত্রে জানা যায়, সুনামগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমল গ্রহণকারী আদালতের (শাল্লা থানা) গত ২৩ জুনের ৪৬৩২(২)১ নম্বর স্মারকের আদেশক্রমে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬২.৫ মিলিলিটার তৈরি দেশীয় চোলাই মদ, ৪ হাজার ৬৪৭.৫ মিলিলিটার মদ তৈরির তরল উপকরণ (ওয়াশ) এবং ৯০ কেজি গুড়।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, আদালতের নির্দেশে জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে শাল্লা থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি, অতিরিক্ত দায়িত্ব) পিয়াস চন্দ্র দাস বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনায় থানা প্রাঙ্গণে জব্দকৃত দেশীয় চোলাই মদ ও উপকরণ ধ্বংস করা হয়েছে। শাল্লাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য ধ্বংস করার সময় আরও উপস্থিত ছিলেন, শাল্লা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নিরঞ্জন দাস, ভূমি সার্ভেয়ার মাহফুজুর রহমান, কনস্টেবল মলয় সরকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৪




