ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট মহানগরীর শাহী ঈদগাহ সংলগ্ন হুসনাবাদ আবাসিক এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কালা পাথর মাঠ দখলমুক্ত করে তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় তরুণ সমাজ। খেলার মাঠ দখল করে ঘর, কলোনী, ওয়ার্কসপ ও হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬০০ ডিসিমেল জায়গার উপরে কলোনী বানিয়ে মাদকের আস্তানা গড়ে তোলার অভিযোগের একটি চিঠি পাওয়া গেছে। খেলার মাঠ বাচাতে মাজারের দানবাক্সে দেওয়া তরুণ সমাজের নামে এই চিঠিটি ইতোমধ্যে সকলের নজর কেড়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মসজিদের বারান্দায় মাজারের ডেগ ও দানবাক্সের টাকা গণনাকালে এই চিঠিটি পাওয়া যায়।
তরুণ সমাজের নামে লেখা ওই চিঠিতে দেখা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটির তরুণরা এই মাঠে নিয়মিত খেলাধুলা করে আসছিলেন। খেলাধুলার মাধ্যমে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার চেষ্টা করছেন। তবে ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে মাঠটির একটি বড় অংশ ধীরে ধীরে দখল হয়ে যাওয়ায় খেলাধুলা কার্যত বন্ধ হয়ে পড়েছে।
তরুণ সমাজের ওই চিঠিতে তারা দাবি করেন, কুতুব নাফিত নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রায় ৬০০ ডিসিমেল জমি দখল করে সেখানে ঘর, কলোনি, ওয়ার্কশপ, হোটেলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। তাদের আরও অভিযোগ, এসব স্থাপনার কিছু অংশে মাদকের আসরও গড়ে উঠেছে, যার ফলে এলাকার সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দখলের প্রতিবাদ করতে গেলে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও পাতি নেতাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয়। এ কারণে সাধারণ মানুষ ও তরুণরা নিজেদের দাবি আদায়ে অসহায় বোধ করছেন।
এ অবস্থায় তরুণ সমাজের যুবকরা সংবাদমাধ্যমের মাধ্যমে সিলেট-১ সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা দাবি করছেন, কালাপাথর খেলার মাঠকে অবৈধ দখলমুক্ত করে এটি খেলাধুলার জন্য সংরক্ষণ করা হোক। যাতে এলাকার যুবসমাজ সুস্থ ও সুন্দর পরিবেশে খেলাধুলার সুযোগ পায় এবং মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭




