ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স ও এআই।

সিলেটের বিভিন্ন উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে জেলার ১০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে, দূরবর্তী এলাকার মানুষের জেলা শহরে চিকিৎসার জন্য ছুটে আসার প্রয়োজন কমবে এবং জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 


বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এর অংশ হিসেবে সিলেট জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এই কর্মসূচির আওতায় এসেছে।

 

প্রজ্ঞাপনে সিলেটের যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হল- সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলা, জকিগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুধু শয্যাসংখ্যা বৃদ্ধি নয়, পর্যায়ক্রমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়েই আরও বিস্তৃত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

 

এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই অধিকতর উন্নত চিকিৎসাসেবা পাবেন। ফলে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮