যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে অদ্ভুত ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি।
আর্জেন্টিনা কাপ জিতলেই আবারও বিয়ে করবেন তিনি- মজার ছলে এমন ঘোষণার পর বেশ ঝামেলাতেই রয়েছেন তিনি।
তার কথায়, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’
তবে বিয়ের পথে আরেকটি বাধার কথা জানান পরীমণি।
তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
পরীর এই কথা থেকে এতটুকু স্পষ্ট, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও বিয়েটা যে সঙ্গে সঙ্গেই হচ্ছে না তার।
ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।
এরপর সাংবাদিক ও আরজে তামিম হাসানের সঙ্গে তার বাগদানের খবর শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন।
সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৬




