ছবি: ফাইল ছবি।

সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় নিয়মিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস চালু রয়েছে। সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় যাতায়াত আরও সহজ ও সেবামুখী করতে নতুন উদ্যোগ নিয়েছে বিআরটিসি। এর অংশ হিসেবে সিলেট থেকে দেশের ১৮টি রুটে এসি, নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ বাস সার্ভিস চালু করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বিআরটিসির নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

 


সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন এই টিকিট বুকিং কাউন্টারের শুভ উদ্বোধন করেন।

 

এসময় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘যাত্রীদের আরামদায়ক, নিরাপদ ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করতে এই কাউন্টার থেকে উন্নত মানের এসি, নন-এসি এবং স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। আধুনিক কদমতলী বাস টার্মিনালে নতুন এই কাউন্টার চালুর ফলে যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।’

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক বলেন, ‘এই নতুন কাউন্টার চালুর মাধ্যমে আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত হলো। যাত্রীদের সময় সাশ্রয়, সহজে টিকিট প্রাপ্তি এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও যাত্রীদের চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে। নিরাপদ, সময়ানুবর্তী ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসির প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো. রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক-শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিনসহ অন্যান্যরা।

 

জানা যায়, নতুন এই কাউন্টার থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় নিয়মিত বাস সার্ভিস পরিচালিত হবে। নতুন চালু হওয়া ১৮টি রুটগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, সরিষাবাড়ী, তারাকান্দা, মধুপুর, রায়পুর, ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর ও কুরমা।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং এবং বাস চলাচলের সময়সূচি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি কাউন্টারে অথবা নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সিলেট বিআরটিসি বাস টিকিট বুকিং কাউন্টার, কদমতলী বাস টার্মিনালে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া যেকোনো তথ্যের জন্য ০১৩৫০-৫৮৮১০৮ এবং ০১৬০৩-৮৮৬৫৫৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯