সভাপতি আবিদুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক সুজন রাশিদ।

সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওরপারের সন্তানদের প্রবাসী সংগঠন নলুয়া প্রবাসী সংঘের নতুন নেতৃত্বের অভিষেক অনুষ্ঠিত হয়েছে স্পেনের বার্সেলোনায়। এর আগে আবিদুল ইসলাম আরজুকে সভাপতি ও সুজন রাশিদকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

 


মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে সংগঠনটির জনসংযোগ শাখা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নলুয়া প্রবাসী সংঘের ছয় বছরের পথ চলায় নবনির্বাচিত (২০২৬–২০২৮) কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সোমবার (২০ জুলাই) বার্সেলোনার বেপারী সেন্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।  

 

নবনির্বাচিত সভাপতি আবিদুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন রাশিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদর্শিত হয় নলুয়া প্রবাসী সংঘের ছয় বছরের পথচলা নিয়ে সাত মিনিটের একটি প্রামাণ্যচিত্র। এতে ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সামাজিক, মানবিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। স্বাগত বক্তব্যে নলুয়া প্রবাসী সংঘের সহকারী অর্থ সম্পাদক হাবিবুর রহমান বলেন, প্রবাসে নলুয়ার মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বাবু রত্নেশ্বর সূত্রধর। তিনি বলেন, “প্রবাসী সংগঠনগুলো শুধু মিলনমেলার আয়োজন করে না; নতুন প্রজন্মের কাছে নিজেদের শেকড়, সংস্কৃতি ও মূল্যবোধ পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বার্সেলোনার কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবু ইউসুফ, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সুবহান, আবু তাহের লাবলু এবং নলুয়া প্রবাসী সংঘের সহসভাপতি নজরুল ইসলাম আবির। তাঁরা নলুয়া প্রবাসী সংঘের ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে আবিদুল ইসলাম আরজু বলেন, আমাদের সামনে নিশ্চয়ই চ্যালেঞ্জ আসবে। মতের ভিন্নতা থাকবে। কিন্তু আমাদের লক্ষ্য যদি এক থাকে, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। ঐক্য মানে সবাই একইভাবে চিন্তা করবে—তা নয়; বরং ভিন্ন মতের মানুষও একটি মহান উদ্দেশ্যে একসঙ্গে পথ চলবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গর্বিত উত্তরাধিকার গড়ে তোলার আহবান জানান।

 

অভিষেক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুজন রাশিদ নবনির্বাচিত সভাপতি, কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করলেও আমাদের জন্মভূমির প্রতি ভালোবাসা এবং নলুয়ার প্রতি অটুট টান আমাদের একসূত্রে বেঁধে রেখেছে। একটি সংগঠনের প্রকৃত শক্তি তার ব্যানারে নয়, তার মানুষের হৃদয়ে।'

 

সহসভাপতি নজরুল ইসলাম আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া এবং অর্থ সম্পাদক আজির উদ্দিন তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, নলুয়া প্রবাসী সংঘ আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করবে। প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই হবে সংগঠনের অন্যতম অগ্রাধিকার।

 

অভিষেক অনুষ্ঠানে নলুয়া প্রবাসী সংঘের সহসভাপতি জয়নুল হক (যুক্তরাজ্য), সহসাধারণ সম্পাদক খলিলুর রহমান (গ্রীস), অর্থ সম্পাদক আজির উদ্দিন (ইতালি), সহকারী অর্থ সম্পাদক হাবিবুর রহমান (স্পেন), সহকারী সাংগঠনিক সম্পাদক মিজান রশিদ (যুক্তরাজ্য), ইউরোপ বিষয়ক সাংগঠনিক সম্পাদক গোলজার মিয়া (স্পেন) এবং সংগঠনের সদস্য শরিফুল হক জনি, জিলানি রশিদ, জাফর ইকবাল ও লিটন মিয়া (স্পেন) উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে প্রীতি নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২