ছবি: সংগৃহিত
সিএনজিচালক হোসেন মিয়া হত্যার অভিযোগে মো. জসিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৫ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার ৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা থানার বেলাশহর এলাকার আরএম ফিলিং স্টেশনে সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
মো. জসিম কুমিল্লার দেবিদ্বার থানার মহিষের কোড এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২৫ মে হোসেন মিয়া নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতেও তিনি বাড়ি না ফিরে পরিবারের পক্ষ থেকে ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা থানায় একটি জিডি দায়ের করা হয়। পরে ২৮ মে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে, কসবার টিআই মোড়ের একটি পুকুরে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখা যাচ্ছে। পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন এবং সবার ধারণা, অজ্ঞাতনামা আসামিরা তার সিএনজি ও টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে হোসেন মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য জসিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাসম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




