ছবি: সিলেট ভিউ।
সিলেটের বন্দরবাজারে দুইটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। এসময় তার সাথে সহযোগিতা করে মহানগরীর একদল পুলিশ সদস্য।
জানা যায়, বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব নেতৃত্বে সিলেটের বন্দরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় নকল সিগারেট ও অবৈধ ভারতীয় সিগারেট রাখা এবং বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানের শুরুতে হাসান মার্কেটের ৩৪ নম্বর দোকানে অবৈধ ও নকল সিগারেট রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ব্রহ্মময়ী বাজারের মক্কা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে একই অপরাধে আরও ২০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়। এসময় মক্কা ট্রেডার্স থেকে নকল ডার্বি ও স্টার সিগারেট জব্দ করা হয়। একই অভিযানে সরকারি কাজে বাধা প্রদান করায় ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার তদারকি এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ আশিক/ এহিয়া-০৭




