ছবি: সংগৃহিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

 


একই সঙ্গে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

 

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া হাজী শরীয়ত উল্লাহ একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান তিনি।

 

লিখিত বক্তব্যে আমির হামজা বলেন, ‘শনিবার আমার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সেটি কুষ্টিয়াবাসীর সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

 

তিনি বলেন, ‘নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ রাজনৈতিক পরিবেশের পরিস্থিতি ছিল না। এটি গণ অধিকার পরিষদের সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত হামলা। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের নিরাপত্তার জন্য কাজ করছি। কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালানোর সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।’

 

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। তিনি বলেন, ‘আমার গাড়ির সামনে সদর ওসির গাড়ি এবং পেছনে সেকেন্ড ওসির গাড়ি ছিল। এরপরও আমার গাড়ি ও আমার ওপর হামলা চালানো হয়েছে। সেখানে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে।’

 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একজন সংসদ সদস্য। আমারই যদি নিরাপত্তা না থাকে, তাহলে আপনারা কী অবস্থায় আছেন সেটা তো বুঝতেই পারছি।’

 

সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।

 

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

তবে সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার অভিযোগের বিষয়ে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

সিলেটভিউ/ডেস্ক/ইকে