ছবি: এআই।

সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে ঐতিহ্যবাহী হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে থাকবে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক বিভিন্ন সুবিধা। একই সঙ্গে বর্তমান ব্যবসায়ীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 


সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

 

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিসিক প্রশাসক বলেন, ‘হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রীয় এলাকায় অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে সময়ের চাহিদা অনুযায়ী একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।’

 

তিনি বলেন, জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের পথে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি বর্তমানে যারা হাসান মার্কেটে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সিটি কর্পোরেশন গুরুত্ব দেবে।’

 

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন ও নির্মাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

 

সভায় সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. আব্দুল রহিম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাস সানি, সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ এবং অফিস সহকারী সালমান হোসেন ইমনসহ অনেকে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১