ছবি: সংগৃহিত
হবিগঞ্জ শহরের চাঁদের হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহবায়ক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুরো হাসপাতাল থেকে সটকে পরে নার্স ডাক্তারসহ সকল স্টাফরা।
গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঁদের হাসি হসপিটালের সামনে ভীড় জমতে শুরু করে সাংবাদিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও তার স্বজনসহ প্রশাসনের লোকজনের। এসময় ভূল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে সকলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে- ভূল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে কি না তা জানতে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা গেছে- গত কয়েকদিন যাবত অসুস্থতা জনিত কারণে তিনি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বিকেলে বেশি অসুস্থতাবোধ করলে তিনি চাদের হাসি হাসপাতালে প্রাইভেটভাবে চিকিৎসা নিতে যান। এসময় অপচিকিৎসার শিকার হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ চাদের হাসি হসপিটালে ছুটে যান এবং সেখানে গিয়ে স্বজনদের শান্তনা দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাযা হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন।
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ বলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন জাতির শ্রেষ্ট সন্তান। তার মৃত্যুকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করা কাম্য নয়। তিনি বলেন- যদি চিকিৎসায় কোন অবহেলা বা ভূল হয় সে জন্যে তদন্ত কমিটি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/ইকে-০৭




