বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখার সাবেক সহসভাপতি ও প্রবীণ নেতা ইলিয়াস আহমেদ (ইলিয়াস মাস্টার) মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদের বাবা। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে।


নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, ইলিয়াস আহমেদ দীর্ঘ ৩৮ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বেলায়েত হোসেন স্বপন জানান, শুক্রবার বাদ এশা ঢাকার লালমাটিয়া শাহী মসজিদে (বিবি মসজিদ) ইলিয়াস আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে নিজ বাড়ির প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক