ভ্রমণের সময় কোন দেশের পর্যটকদের আচরণ সবচেয়ে ভদ্র, কারা সবচেয়ে বেশি টিপস দেন, কারা বেশি খরচ করেন এবং কারা খাবারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী—এসব নিয়ে নতুন এক জরিপে চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
জরিপে বিশ্বের সবচেয়ে ভদ্র পর্যটক হিসেবে জাপানিদের নাম এসেছে। তাদের পক্ষে মত দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ ট্যুর অপারেটর। এরপর রয়েছে নরওয়ে ও সুইজারল্যান্ড। তাদের পক্ষে মত দিয়েছেন যথাক্রমে ১০ দশমিক ৬ ও ১০ দশমিক ৪ শতাংশ।
ভদ্র পর্যটকের তালিকায় পরের অবস্থানে রয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের পর্যটকরা। অন্যদিকে তালিকার সর্বশেষে রয়েছে ইতালির পর্যটকরা। মাত্র ১ দশমিক ৩ শতাংশ ট্যুর অপারেটর ইতালীয়দের সবচেয়ে ভদ্র পর্যটক হিসেবে উল্লেখ করেছেন।
আফ্রিকায় সাফারি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ১৯২ জন ট্যুর অপারেটরের ওপর জরিপটি চালিয়েছে অনলাইন সাফারি বুকিং প্ল্যাটফর্ম সাফারি বুকিংস। তাদের কাছে পাঁচটি বিষয়ে জানতে চাওয়া হয়। কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র, সবচেয়ে বেশি টিপস দেন, সবচেয়ে বেশি অর্থ খরচ করেন, সবচেয়ে সক্রিয় ও দুঃসাহসী এবং খাবারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী?
সবচেয়ে বেশি টিপস দেন আমেরিকানরা
জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি টিপস দেন যুক্তরাষ্ট্রের পর্যটকরা। মোট ২৯ দশমিক ৫ শতাংশ ট্যুর অপারেটর তাদের সেরা টিপদাতা হিসেবে উল্লেখ করেছেন। এরপর রয়েছে জার্মানি, কানাডা ও সুইজারল্যান্ডের পর্যটকরা।
ভ্রমণে সবচেয়ে বেশি অর্থ খরচ করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে আমেরিকানরা। এ ক্ষেত্রে তাদের স্কোর ২৪ শতাংশ। জার্মানি ও কানাডার পর্যটকরা যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সবচেয়ে দুঃসাহসী জার্মান পর্যটকরা
অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের তালিকায় শীর্ষ তিনটি অবস্থানই ইউরোপের দেশগুলোর দখলে। জার্মান পর্যটকরা ২১ দশমিক ১ শতাংশ নিয়ে সবচেয়ে দুঃসাহসী হিসেবে প্রথম হয়েছে। এরপর রয়েছে ফ্রান্স ১৭ দশমিক ৮ শতাংশ এবং নেদারল্যান্ডস ১১ শতাংশ।
খাবারের জন্য ভ্রমণে এগিয়ে ভারতীয়রা
খাবারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী পর্যটকদের তালিকায় এশিয়ার দেশগুলোর আধিপত্য দেখা গেছে। ভারতীয় পর্যটকরা প্রথম, জাপানিরা দ্বিতীয় এবং চীনারা চতুর্থ অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স।
নেদারল্যান্ডস পঞ্চম এবং ইতালি ষষ্ঠ অবস্থানে রয়েছে।
অর্থাৎ, জরিপের ফল অনুযায়ী ভদ্র আচরণে জাপানি, টিপসে ও খরচে আমেরিকান, অ্যাডভেঞ্চারে জার্মান এবং খাবারের প্রতি আগ্রহে ভারতীয় পর্যটকরা এগিয়ে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭




