বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় এই সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 


প্রত্যক্ষদর্শীরা জানান,  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় যানজটের সৃষ্টি হয়।

 

 

একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁরা গিয়ে নেতা-কর্মীদের বুঝিয়ে মহাসড়ক সচল করেন। এতে যানবাহন এক ঘণ্টার মতো বন্ধ ছিল। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫